EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, গাছের চারা বিতরণ-মাছের পোনা অবমুক্ত

ডেইলি সান রিপোর্ট, পুঠিয়া (রাজশাহী)

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, গাছের চারা বিতরণ-মাছের পোনা অবমুক্ত

ছবি: সংগৃহীত

অ অ

রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং জলজ সম্পদ সংরক্ষণে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

পরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কান্তার বিলের সুইজগেট এলাকায় ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জলজ সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পৃথক এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।

পাশাপাশি বৃক্ষরোপণ ও জলজ সম্পদ সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন