EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অটোরিকশার সঙ্গে সংঘর্ষ, ৩৫ যাত্রী নিয়ে পানিতে বাস! নিহত বেড়ে ৪

ডেইলি সান রিপোর্ট, পটুয়াখালী

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ এএম

অটোরিকশার সঙ্গে সংঘর্ষ, ৩৫ যাত্রী নিয়ে পানিতে বাস! নিহত বেড়ে ৪

ছবি: সংগৃহীত

অ অ

পটুয়াখালীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩৫ যাত্রী নিয়ে একটি ঢাকাগামী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইউম প্যাদা (৫০), একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০) ও বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের বাসটি ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশা দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, নিহত চারজনই অটোরিকশার যাত্রী।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসটি পানিতে পড়ে যায়। তবে বাসের যাত্রীদের মধ্যে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। বাসের চালক ও সুপারভাইজার দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বাসের যাত্রী এমদাদুল বলেন, ‘বাসটি শুরু থেকেই খুব দ্রুত চলছিল। এরপর কীভাবে কী হলো, বুঝতে পারিনি। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।’

আরেক যাত্রী নজরুল ইসলাম বলেন, তাঁরা ঢাকায় তাবলিগ জামাতে যাচ্ছিলেন। পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। দুর্ঘটনার সময় তিনি নাতিকে কোলে নিয়ে ছিটকে পড়েন। পরে দুজনই বেঁচে আছেন বলে চিৎকার করে জানান।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে। বাসের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না বা পানির মধ্যে আরও কোনো মরদেহ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন