শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৯ লাখ টাকাসহ স্বর্ণ, বিদেশি মুদ্রা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: শাহজালাল মাজারে দানবাক্স গণনা, সংগৃহীত
সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্সে ৪র্থ বারের মতো গণনায় প্রায় ৮৯ লাখ টাকা, স্বর্ণ এবং ১৫টি দেশের মুদ্রা পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩৪ দিন পর দানবাক্স খুলে গণনা করে দানের হিসাব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক (সিসিক) আবদুল কাইয়ুম চৌধুরী।
এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকাল ১০টা থেকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বসানো ৩টি দানবাক্স ও ৩টি ডেগ থেকে টাকা সংগ্রহ শুরু হয়। দানবাক্স ও ডেগের সিলগালা খুলে টাকা সংগ্রহের পর প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী মিলে সেগুলো গণনা করেন। সন্ধ্যা ৬টার দিকে সিসিকের প্রশাসক প্রাপ্ত দানের হিসাব ঘোষণা করেন।
সিসিকের প্রশাসক জানান, এবার দান হিসেবে মিলেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় রুপি ৩ হাজার ৯৫৪, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, আরব আমিরাতের ৫৭.২৫ দেহরাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১.৫০ রিয়াল, ৩০.১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।
এছাড়া দান হিসেবে ৬টি গরু ও ১১টি ছাগল পাওয়া গিয়েছিল। এর মধ্যে লঙ্গরখানায় খাবারের জন্য জবাই করা হয়েছে ৫টি গরু ও ৬ট ছাগল। ৪টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মচারীদের মজুরি এবং একটি করে গরু ও ছাগল দরিদ্র পরিবারের দুই মেয়ের বিয়েতে দান করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ আগস্ট ৩৪ দিন পর তৃতীয়বারের মতো দানবাক্স খোলা হয়েছিল। ওইসময় পাওয়া গিয়েছিল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা।