EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু ১ অক্টোবর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু ১ অক্টোবর

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান, সংগৃহীত

অ অ

বর্তমান সরকারের হাত ধরে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই পথচলায় এক নতুন মাইলফলক হিসেবে আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ। এরপর ধাপে ধাপে সচিবালয়, জাতীয় সংসদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনে সৌরবিদ্যুৎ চালুর পর পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাতেও এ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে সৌর প্যানেল স্থাপনের কাজ শুরু হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীদের নিজ নিজ কার্যালয় এবং অধীন প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দেন। এছাড়া বিভিন্ন জেলা সফরের সময় সরকারি প্রধান কার্যালয় ও রেস্ট হাউসগুলোও সৌরবিদ্যুতের আওতায় আনার তাগিদ দেন তিনি।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের একটি কাঠামো রয়েছে। নির্দিষ্ট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সর্বোচ্চ ব্যয় কত হবে, সেই হিসাবের পাশাপাশি দুই থেকে চার ঘণ্টার ব্যাকআপের জন্য প্রয়োজনীয় ব্যাটারির খরচও নির্ধারণ করা হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ২০ বছরের চুক্তি করা হবে। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানগুলো এই সময়ে বিনামূল্যে রক্ষণাবেক্ষণ সেবা দেবে। ব্যবস্থায় কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে তারাই তা সমাধান করবে।

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে সরকার দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আগামী তিন মাসের মধ্যে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর উদ্দেশ্য হলো আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করা।

আরও পড়ুন