EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইভির সংযোজনে আরও জমজমাট আইসিসিবির কার বাজার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

ইভির সংযোজনে আরও জমজমাট আইসিসিবির কার বাজার
অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। প্রথম ও দ্বিতীয় সপ্তাহের দারুণ সাড়ার পর গতকাল শুত্রবার তৃতীয় সপ্তাহের মতো বসে গাড়ি কেনাবেচার এ আয়োজন। গতকাল নতুন সংযোজন হয়েছে ইলেকট্রিক গাড়ি (ইভি)।

আগের দুই সপ্তাহের মানুষের আগ্রহ বাড়ায় মেলার ব্যাপ্তিও বেড়েছে। উইজার্ড শোবিজ এবং আইসিসিবি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কার বাজারে প্রতি শুক্রবার এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

সুপার সেল কার বাজারে দেখা যায়, এক পাশে ঝকঝকে নতুন গাড়ি, অন্য পাশে রিকন্ডিশন্ড, ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেলের সারি। কোথাও গাড়ির ইঞ্জিন, মডেল ও কাগজপত্র নিয়ে চলছে আলোচনা, আবার কোথাও ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের গাড়িটি। কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করছেন, কেউ আবার ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের উৎসাহ-উদ্দীপনা ও ব্যস্ততায় প্রাণবন্ত হয়ে উঠেছে এ বাজার।

গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাদের গাড়ি নিয়ে এখানে এসেছেন এবং বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। কোনো রকম ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা। আবার প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িটিও বিক্রি করা যাচ্ছে। 

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, গত দুই সপ্তাহে সফল আয়োজনের পর এখন আমাদের তৃতীয় এপিসোড চলছে। এই এপিসোডের মধ্যে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আমাদের প্রথম এপিসোডের তুলনায় তৃতীয় এপিসোডে প্রায় দ্বিগুণের বেশি গাড়ি এসেছে। মেলা প্রাঙ্গণের আয়তনও বেড়েছে। আগে ৪৫ হাজার স্কয়ার ফিট ছিল, এখন প্রায় ৯০ হাজার স্কয়ার ফিটের মধ্যে আয়োজিত হচ্ছে এ মেলা। মেলার নতুন আকর্ষণ হিসেবে রয়েছে ইলেকট্রিক গাড়ি (ইভি)। আগে শুধু গাড়ির হেলথ চেক ছিল, এখন একদম টোটাল সার্ভিস মডিউলসহ করা যাচ্ছে এখানে। গাড়ি ক্রয়ের আগে টোটাল সার্ভিস পাচ্ছেন ক্রেতারা। 

তিনি বলেন, সুপার সেল কার বাজারে এক ছাতার নিচে মিলছে সবকিছু। সাধারণ শোরুম ঘুরে আলাদাভাবে গাড়ি দেখার বদলে ক্রেতারা একই ছাদের নিচে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড- সব ধরনের গাড়ি পাচ্ছেন। এতে প্রায় ৫০টির মতো শোরুমে ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা ক্রেতারা এক জায়গায় বসেই পাচ্ছেন। এখানে সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে সরাসরি ক্রেতা ও বিক্রেতা দরদাম করতে পারছেন।

আরও পড়ুন