রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী ও সায়েন্সল্যাব এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১১টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা দুটি ককটেল নিক্ষেপ করলে সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ওই সড়কে পুলিশের চেকপোস্টের কার্যক্রম চলছিল। এর মধ্যে ফ্লাইওভারের ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত হননি।
তিনি জানান, নিচ থেকে ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করা যায়নি। তবে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
এরপর সন্ধ্যায় মহাখালীর আমতলী মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মহিন উদ্দিন বলেন, মহাখালী ফ্লাইওভার থেকে একটি ককটেল ছোড়া হয়েছিল। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছে সড়কে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন অটোরিকশাচালক আহত হন।
যাত্রাবাড়ী থানার ওসি আহমেদ রাজু বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণে একজন পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।
সর্বশেষ সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এসব ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন জগন্নাথ হল গেট ও টিএসসি এলাকায় এসব বিস্ফোরণ হয়। একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।