স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, জালনোটসহ আটক ৪
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
রাজধানীর শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন এলাকায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে মিনার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। ঘটনার তিন দিনের মধ্যে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পৃথক অভিযানে ঢাকার সাভারের আশুলিয়া থেকে বিপুল পরিমাণ ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়গুলো নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাসায় এক নারীকে তার স্বামী চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্তের পর গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ওরফে মিনারকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কিছুদিন রাজধানীর বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন এলাকায় একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাতের জন্য মনিরুল ইসলাম তাকে চাপ দিয়ে আসছিলেন বলে র্যাব জানিয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একপর্যায়ে ওই নারী টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
র্যাব আরও জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি, মারামারি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই নারী মনিরুল ইসলামের অণ্ডকোষ চেপে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ইসলাম হাতের কাছে থাকা চাকু দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে র্যাবের ভাষ্য।
পরে নিহত নারীর ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেন।
জালনোটসহ আটক ৪
অন্যদিকে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকায় অভিযান চালায় র্যাব-৪। এ সময় একটি কারখানার পেছন থেকে জালনোট তৈরির চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাজ্জাদ হোসেন আকাশ (২৫), মো. ইভান রানা (২০), মো. মামুন মিয়া (২৪) ও মো. নাদিম সর্দার (২০)।
র্যাব জানায়, সাজ্জাদ ও ইভান মানিকগঞ্জের শিবালয় এলাকার বাসিন্দা, মামুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং নাদিম পটুয়াখালীর বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট, একটি ল্যাপটপ, জাল টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে মধ্য গাজীরচট এলাকার একটি বাড়িতে লোকচক্ষুর আড়ালে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। দেশের বিভিন্ন অঞ্চলের জালনোট সরবরাহকারী ও ডিলারদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।