চিকিৎসার কথা বলে রেজিস্ট্রি অফিসে নিয়ে বাবার জমি লিখে নেওয়ার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত
চিকিৎসার কথা বলে ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে প্রতারণার মাধ্যমে জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাবনার আতাইকুলা উপজেলার পশ্চিম বনগ্রাম এলাকায়। এ ঘটনায় পিতা মো. আয়নাল সরকার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তার অভিযোগ, দুই ছেলে মো. বাবুল হোসেন (৪৩) ও মো. আবুল কালাম (৩২) চিকিৎসার কথা বলে পাবনা রেজিস্ট্রি অফিসে নিয়ে যান। সেখানে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৭০১১ নম্বর দলিলে তার .৬৬৭৫ একর জমি লিখে নেন।
আয়নাল সরকারের ভাষ্য, পরে তিনি বুঝতে পারেন ওই জমি দুই ছেলের নামে লিখে দেওয়া হয়েছে। এতে তার আরও চার ছেলে ও চার মেয়ে তাদের প্রাপ্য সম্পত্তি থেক বঞ্চিত হয়েছেন।
বাদী আয়নাল সরকারের অন্য ছেলে ও মেয়েরা জানান, দুই ভাই মো. বাবুল হোসেন ও মো. আবুল কালাম আমাদের অসুস্থ বৃদ্ধ বাবাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে ভুল বুঝিয়েছেন। পরে ভয়ভীতি দেখিয়ে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আমাদের ফাঁকি দিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন।
তারা সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন এবং অভিযুক্ত দুই ভাইয়ের বিচার চান।
অভিযোগপত্রে জমির অবস্থান হিসেবে পাবনা সদর উপজেলার পূর্ব বনগ্রাম মৌজার কথা উল্লেখ করা হয়েছে। এর জে এল নম্বর ১৬৬, খারিজ খতিয়ান নম্বর ১০৭০ এবং আরএস খতিয়ান নম্বর ৫১০সহ বিভিন্ন দাগ ও খতিয়ানের তথ্য দেওয়া হয়েছে। জমির সম্ভাব্য মূল্য ১০ লাখ টাকা। দলিল নং ৭০১১
অভিযোগে দলিলটির ক্রমিক নম্বর ৭০১৮ উল্লেখ করে আয়নাল সরকার বিষয়টি তদন্ত করে প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
অভিযোগকারী বঞ্চিত সন্তান চার ছেলে—রওশন, সাহেব আলী, আলাউদ্দিন ও রবিউল এবং চার মেয়ে—আমিনা, আলিয়া, হেনা ও রওশনারার নাম উল্লেখ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. আবুল কালাম ডেইলি সানকে বলেন, ‘এটি আমাদের পারিপারিক বিষয়। বিষয়টি আমরা পারিবারিকভাবে সমাধান করব। বৃদ্ধ বাবার কাছ থেকে প্রতারণার মাধ্যমে জমি লিখে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।’
অভিযুক্ত মো. আবুল কালাম বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপে চাকরি করেন বলে জানা গেছে। এ বিষয়ে আরেক অভিযুক্ত মো. বাবুল হোসেনের কাছে ফোন দিলে তার মেয়ে রিসিভ করে বাবা বাসায় নেই বলে জানায়।