প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের অপেক্ষার অবসান! ১ অক্টোবরের মধ্যে যোগদানের অনুমোদন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদানের প্রশাসনিক আদেশ অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে আগামী ১ অক্টোবরের মধ্যে তাঁদের যোগদানের পথে আর কোনো বাধা থাকল না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের যোগদানপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর বিষয়ে প্রশাসনিক আদেশ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার এতে সই করেছেন।
মন্ত্রণালয়ের আদেশ অধিদপ্তরে পৌঁছানোর পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে যোগদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ১ অক্টোবরের মধ্যে সুপারিশপ্রাপ্ত সব শিক্ষক যোগদান করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এরপর তাঁদের পদায়ন করা হবে।
প্রশিক্ষণের পর ক্লাসে
যোগদানের পর শিক্ষকদের পদায়ন করা হলেও তাঁরা সঙ্গে সঙ্গে ক্লাসে অংশ নেবেন না। নতুন সহকারী শিক্ষকদের দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সুযোগ পাবেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, প্রশিক্ষণ চাকরির গুরুত্বপূর্ণ অংশ। পদায়নের সঙ্গে সঙ্গে নতুন শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হওয়া উচিত। প্রশিক্ষণ শেষ হওয়ার আগে তাঁদের ক্লাসে পাঠানো হবে না।
এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
নিয়োগের সব প্রক্রিয়া শেষ হলেও এতদিন তাঁরা যোগদান করতে পারেননি। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১ অক্টোবরের মধ্যে যোগদান ও পদায়নের উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।