রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
ভূমি-সংক্রান্ত সেবা আরও সমন্বিত ও কার্যকর করতে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমিমন্ত্রী মো.মিজানুর রহমান মিনু, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, কমিটির সদস্য জয়নাল আবদিন, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদ উল্লাহ, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান বেলাল এবং মুহাম্মদুল্লাহসহ অন্যরা অংশগ্রহণ করেন।
রেজিস্ট্রেশন দপ্তর বর্তমানে আইন মন্ত্রণালয়ের অধীন থাকলেও ভূমি ব্যবস্থাপনা, ভূমি রেকর্ড, জরিপ ও মালিকানা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে রেজিস্ট্রেশন কার্যক্রমকে ভূমি মন্ত্রণালয়ের আওতায় আনতে কমিটির এই সিদ্ধান্তকে ভূমি-সংক্রান্ত সেবা কার্যক্রমে প্রশাসনিক সমন্বয় বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, পরিচিতি, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত প্রকল্প এবং ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার প্রকল্প।
এছাড়া সারা দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ এবং সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
কমিটি সুপারিশ করেছে, ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনগণের সুবিধা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।
ভূমি-সংক্রান্ত সেবা কার্যক্রম দ্রুততর করতে মাঠপর্যায়ের শূন্য পদগুলো পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ভূমি ভবন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য হিসেবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, জয়নাল আবদিন, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদ উল্লাহ, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) ও মুহাম্মদুল্লাহ অংশ নেন।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমি রেজিস্ট্রেশন, রেকর্ড, জরিপ ও ব্যবস্থাপনার মতো পরস্পর-সম্পর্কিত সেবাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।