EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ছবি: দণ্ডপ্রাপ্ত মোকছেদ আলী

অ অ

নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে মোকছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, নীলফামারী।

দণ্ডপ্রাপ্ত মোকছেদ আলী প্রামাণিক জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহসিলপাড়া এলাকার মৃত কাছেরা ওরফে বাছেরা প্রামাণিকের ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মাসুদ করিম।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট ভুক্তভোগী শিশুটি আসামি মোকছেদ আলী প্রামাণিকের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় মোকছেদ আলী শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির নম্বর না.শি.নি. ০২/২০২৫।

মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এর ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই সঙ্গে অর্থদণ্ডের ৫০ হাজার টাকা আদায় করে সরাসরি ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান খান রিনো। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

তিনি আরও বলেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার। পাশাপাশি দ্রুত বিচার সম্পন্ন করায় বিচার বিভাগ ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে মামলার বাদীপক্ষ।

আরও পড়ুন