EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উন্নত প্রশিক্ষণের জন্য কৃষকদের বিদেশে পাঠানোর পরিকল্পনা সরকারের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

উন্নত প্রশিক্ষণের জন্য কৃষকদের বিদেশে পাঠানোর পরিকল্পনা সরকারের
অ অ

কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষিত করতে প্রয়োজনে তাদের বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। কৃষিকে আরও আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে কৃষকদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সার বিতরণ ব্যবস্থাপনা জোরদার, মাটির গুণগত মান রক্ষা, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার বন্ধ, জৈব সারের ব্যবহার বাড়ানো এবং কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, আর কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। তিনি আদা, মরিচ, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কৃষিপণ্যকে রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে মাটি ও ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মাটির গুণগত মান ধরে রাখতে প্রচলিত পদ্ধতিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকা এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, আগের বছরগুলোর তুলনায় চলতি বছর কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। কৃষিমন্ত্রী জানান, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে।

বৈঠকে সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং আরও জোরদার এবং কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতলের বিভিন্ন পরিত্যক্ত জায়গায় তুলা চাষ, চরাঞ্চলের জমিতে ভুট্টা, মিষ্টি আলু ও বাদাম চাষের সম্প্রসারণ এবং কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আলোচনা হয়। কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর সরকারের অনেক সফলতা নির্ভর করছে। তাই মন্ত্রণালয়কে আরও গতিশীলভাবে কাজ করতে হবে। টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা, মো. গোলাম রছুল ও মো. আব্দুল বারী সরদার উপস্থিত ছিলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন