EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

অ অ

বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী।

এ ছাড়া বক্তব্য দেন বাসদ জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে বাংলাদেশ শ্রম আইন মানছে না। গত মার্চে মালিক, শ্রমিক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, আগস্টের মধ্যে শ্রমিকদের পরিচয়পত্র ও নিয়োগপত্র দেওয়াসহ শ্রম আইন অনুযায়ী তাদের বিভিন্ন দাবি পূরণের কথা ছিল।

তবে এসব দাবি পূরণ না করেই আগস্টের বেতন পরিশোধ না করে মালিক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।

তারা আরও বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কারখানার এক শ্রমিক ও এক জুনিয়র অফিসারের মধ্যে বাক্‌বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তারা মালিকের সঙ্গে যোগসাজশ করে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন মেনে দাবিদাওয়া জানানোর বিষয়টি আড়াল করতে ঘটনাটিকে শ্রমিকদের অবৈধ ধর্মঘট হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় নোটিশ জারি করেছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তাদের দাবি, শ্রমিকরা কোনো কর্মবিরতি পালন করেননি; বরং শ্রম আইন অনুযায়ী তারা নিজেদের দাবি-দাওয়া জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকদের ছাঁটাইয়ের ভয় দেখানোর উদ্দেশ্যে মালিকপক্ষ ২৩ ধারায় সব শ্রমিককে একসঙ্গে এবং সাতজনকে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বলে অভিযোগ করেন তারা।


বক্তারা বলেন, শ্রমিকরা একতাবদ্ধভাবে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি-দাওয়া জানিয়ে আসছেন। কিন্তু মালিকপক্ষ একের পর এক কৌশলের আশ্রয় নিয়ে শ্রমিকদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে।

সমাবেশ থেকে অবিলম্বে কথিত অবৈধ নোটিশ প্রত্যাহার, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

পরে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আরও পড়ুন