EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন পায়। সংশ্লিষ্টদের তথ্যমতে, তিন প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), লাইন-৫ নর্দান রুট (হেমায়েতপুর–ভাটারা) এবং লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী–দাশেরকান্দি)।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন লাইন-১ ও লাইন-৫ নর্দান রুটের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন লাইন-৫ সাউদার্ন রুট বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে লাইন-১ ও লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়।


জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ লাইন-১ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। ২০ কিলোমিটার দীর্ঘ লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

এ ছাড়া ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

আরও পড়ুন