মনিরামপুরে ভবদহের জলাবদ্ধতায় ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দী
ডেইলি সান রিপোর্ট, যশোর
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিপাতে নাজুক হয়ে পড়া ভবদহের জলাবদ্ধতায় যশোরের মনিরামপুরে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দী অবস্থায় রয়েছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বিশেষ ব্যবস্থায় অন্য স্থানে পাঠদান করা হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে। ইতোমধ্যে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং শ্রেণিকক্ষে পানি উঠেছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্য স্থানে বিশেষ ব্যবস্থায় পাঠদান করা হচ্ছে। অন্য প্রতিষ্ঠানগুলোর মাঠ ও বারান্দায়ও পানি উঠেছে। তারপরও এসব প্রতিষ্ঠানে কষ্ট করে হলেও শ্রেণিকক্ষে পাঠদান চলছে।
প্রতিষ্ঠানগুলো হলো- হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়, কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পোড়াডাঙ্গা আরসি মাধ্যমিক বিদ্যালয়, বাগডাঙ্গা দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়, বিএইচএমএস নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এজিএম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, নেবুগাতী মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাঁচকাটিয়া পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, হরিণা মাধ্যমিক বিদ্যালয়, হরিণা মাধ্যমিক বিদ্যালয়, কুশখালি মাধ্যমিক বিদ্যালয়, ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয়, রজিপুর কেএমএস মাধ্যমিক বিদ্যালয় ও চান্দুয়া সমসকাটি মাধ্যমিক বিদ্যালয়।
অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামছুল আলম জানান, অতিবৃষ্টিতে ভবদহ সংলগ্ন ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে।
এর মধ্যে ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাতপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বারান্দা, এমনকি শ্রেণিকক্ষে হাঁটুসমান পানি থাকায় শিক্ষার্থীদের অন্যস্থানে বিশেষ ব্যবস্থায় পাঠদান করা হচ্ছে।
মাঠ ও বারান্দায় পানি থাকলেও শ্রেণিকক্ষে এখনও পাঠদান চলেছে, এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- বিলপাড়িয়ালী ডাঙ্গামহিষদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লখাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহিরঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর খন্দকারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদ্মনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজেকুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগঙ্গা কুচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমসকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিরগ্রাম পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটগাছা সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ভুক্তভোগীরা জানিয়েছে, প্রায় দুই মাস ধরেই হরিদাসকাটি উইনিয়নের পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় পানিবন্দী। বিদ্যালয়ের মাঠ তো দুরের কথা, শ্রেণিকক্ষের ভেতরেও কোমর সমান পানি। এ বিষয়ে প্রধান শিক্ষক তুলসী দাস মল্লিক জানান, প্রায় দুই কিলোমিটার দূরে হাজিরহাট বাজারে একটি ভবনের দুইতলা ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পাঠদান করা হচ্ছে।
আবার একই চিত্র চোখে পড়ে ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ বিদ্যালয়ের প্রবেশের একমাত্র রাস্তাটির ওপর এখন হাঁটু পানি। শ্রেণিকক্ষের অবস্থা আরো নাজুক। প্রধান শিক্ষক নিত্য বিশ্বাস জানান, দূরে একটি বাড়িতে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, ভবদহ সংলগ্ন হওয়া, তার ওপর অবিরাম বৃষ্টিপাতের কারণে বসতবাড়ি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে পানি নেমে গেলে প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে।