EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজ পরিবর্তনের আহ্বান পরিবেশমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজ পরিবর্তনের আহ্বান পরিবেশমন্ত্রীর

ছবি:সংগৃহীত

অ অ

বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজ পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটি জীবন কাটাতে পারবে, যা তাদের জন্য অর্থবহ হবে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য। এর মধ্যে আর্থসামাজিক উন্নয়ন যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্নীতি দমন। দুর্নীতি কে করে, আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়।’

দুর্নীতি প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বনমন্ত্রী বলেন, ‘দুর্নীতি করলে ধরেন, আমি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা নিই, আপনাদের মাধ্যমেই নেব। এজন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতি সব সময় থাকবে- কম আর বেশি নিয়ে কথা। কিন্তু দুর্নীতি প্রতিরোধ করা আমাদের প্রধান দায়িত্ব।’

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সামাজিক পরিবর্তন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থবহ জীবন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন