EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাবিতে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম

ঢাবিতে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

ছবি:সংগৃহীত

অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে দুটি এবং টিএসসির এলাকায় একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এর আগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ওখানে পুলিশ আছে, আমাদের প্রক্টরিয়াল টিমও আছে। বিষয়টি দেখা হচ্ছে। কী ঘটেছে, ককটেল নাকি হাতবোমা নাকি অন্য কিছু, তার বিস্তারিত তথ্য তারা নিয়ে আসুক। পুলিশ ও আমাদের প্রশাসন যৌথভাবে বিষয়টি দেখছে।’

কারা এ ঘটনা ঘটাতে পারে, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘যারা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চায় না, এমন কোনো পক্ষ হয়তোবা এটি ঘটিয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা পরিস্থিতি অস্থিতিশীল করে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। সুতরাং, এখনই কোনো সুনির্দিষ্ট দায়িত্বশীল বক্তব্য দেওয়া যায় না। আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জড়িতদের শনাক্ত ও আটক করতে ক্যাম্পাসের প্রধান প্রধান পয়েন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় রাতেই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্রদল। মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন