জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, স্বস্তি ফিরছে শিল্প খাতে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
সরকারের নেওয়া সমন্বিত উদ্যোগ ও পেট্রোবাংলার দক্ষ ব্যবস্থাপনায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানোয় মাত্র দুই দিনের ব্যবধানে গ্রিডে দৈনিক সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুটেরও বেশি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, জাতীয় গ্রিডে মোট ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে, যা আগের দিন সোমবারের (২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট) তুলনায় ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট এবং রোববারের (২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট) তুলনায় ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট বেশি।
দেশে দৈনিক প্রায় ৩৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে এই সরবরাহ বৃদ্ধি বিদ্যুৎ উৎপাদন, শিল্প-কারখানা ও সার কারখানাগুলোতে চলমান সংকট কাটাতে বড় ভূমিকা রাখছে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। জাতীয় গ্রিডে গ্যাসের প্রাপ্যতা বৃদ্ধিতে দেশীয় উৎসের উৎপাদন এবং আমদানিকৃত এলএনজি সরবরাহের মধ্যে সমন্বয় করে এই গ্যাস সরবরাহ করা হচ্ছে।
পেট্রোবাংলার তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টায় সরবরাহ করা মোট গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট। আর এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট।
অর্থাৎ জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহের বড় একটি অংশই এসেছে দেশীয় উৎপাদন থেকে। এর পাশাপাশি এলএনজি সরবরাহের মাধ্যমে ঘাটতি পূরণে সহায়তা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। সরবরাহে এই বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সার ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহ বেড়েছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ কোটি ঘনফুট। এর বিপরীতে সোমবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়েছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট। আগের দিন রোববার সরবরাহ ছিল ২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট।
হিসাব অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টায় ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট সরবরাহের ফলে আগের দিনের তুলনায় সরবরাহ বেড়েছে ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট। আর রোববারের তুলনায় বেড়েছে ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট।
অর্থাৎ সংশ্লিষ্টদের তৎপরতায় মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে এই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেল।