EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্থানীয় নির্বাচন নিয়ে প্রাথমিক ছক ইসির, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

স্থানীয় নির্বাচন নিয়ে প্রাথমিক ছক ইসির, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

অ অ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে প্রাথমিক একটি ছক তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি আরও দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে কমিশন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে—এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে, কী পদ্ধতিতে এবং কোন পর্যায়ে হবে, তা নিয়ে গত দুই দিন ধরে কমিশনে প্রাথমিক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় একটি প্রাথমিক সময়সূচি তৈরি করা হয়েছে।

ইসি সচিব বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অংশীজনদের নিয়ে বৈঠক হবে। শিক্ষা, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় মতামত নেওয়া হবে। এরপর এসব মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে কমিশন।

তিনি জানান, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের প্রস্তুতি হিসেবেই পাঁচ ধাপ ও দুটি রিজার্ভ ধাপের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতি ও বাস্তবতার বিষয়গুলো কমিশনকে জানাতে পারবেন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “উনি যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।”

নির্বাচনের সময়সূচি নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় মতামত পাওয়ার ভিত্তিতে কমিশন এ বিষয়ে বিস্তারিত জানাবে।

স্থানীয় নির্বাচন নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। কার সঙ্গে কখন ও কীভাবে আলোচনা হয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য করতে চান না তিনি।

ছয় মাস ধরে স্থানীয় সরকার নির্বাচন হলে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

আরও পড়ুন