EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতা কমছে, তবে টাকার অঙ্কে বাড়বে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতা কমছে, তবে টাকার অঙ্কে বাড়বে

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার কমানোর প্রস্তাব করা হয়েছে। ২০১৫ সালের বিদ্যমান পে স্কেলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় ভাতার শতাংশ কমলেও টাকার অঙ্কে বাড়িভাড়া ভাতা বাড়বে।

৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো ২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। সভার কার্যবিবরণী সূত্রে নতুন পে স্কেলের এসব প্রস্তাবের তথ্য জানা গেছে।

নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন ছাড়া অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলায় বাড়িভাড়া ভাতার হার বিদ্যমান ৪০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এসব এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিদ্যমান ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

এদিকে নতুন পে স্কেলে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ গ্রেড যত উঁচু হবে, বার্ষিক বেতন বৃদ্ধির হার তত কম হবে।

তবে ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করলেও সচিব কমিটির সুপারিশে তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে ৮ম ও ৯ম গ্রেডে কমিশনের প্রস্তাবিত ১০৫ শতাংশ বেতন বৃদ্ধির হার কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। তবে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন পে স্কেলে চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়সীরা ৪ হাজার টাকা চিকিৎসাভাতা পাবেন। পেনশনারদের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা চিকিৎসাভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ১ম থেকে ৫ম গ্রেডের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা ১৫০ টাকা করে পাবেন।

যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাংলা নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন