ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী পুতুল
ডেইলি সান রিপোর্ট, নাটোর
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।
পুতুল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরো সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।
এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আইন-শৃঙ্খলা সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।