EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

অ অ

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২৬ কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশে এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে মিরপুর সেনানিবাসে যান। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরীক্ষার ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এটি ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।

একই বিধিমালার ১২(১) অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন