ভূমি রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে: ভূমি মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি:সংগৃহীত
সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। যেকোনো মূল্যে ফসলি জমি রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেন মন্ত্রী।
রবিবার (১১ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনারদের এ কথা বলেন।
ভূমিমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়ে জানান, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি এবং খাস জমি জবরদখল করে আসছে। এই চক্রকে ভাঙতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন-বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক —এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক। সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় দেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।