বিষাক্ত বর্জ্যে ফসলহানির অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে নায়াব ইউসুফ
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের কানাইপুর বিসিক শিল্পনগরীর একটি এসিড কারখানার বিষাক্ত বর্জ্যে ফসলহানি ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি অভিযোগের বিষয়ে সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। কৃষকদের অভিযোগ, কারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য ও ঝাঁঝালো গ্যাসের কারণে আশপাশের বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হচ্ছে। একই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়া তীব্র গন্ধে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
এ সময় ভুক্তভোগী কৃষকেরা কৃষিজমি ও জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে কারখানাটি বন্ধের দাবি জানান।
কৃষকদের দুর্ভোগের কথা শুনে চৌধুরী নায়াব ইউসুফ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনস্বার্থ, পরিবেশ এবং কৃষকদের জীবন-জীবিকার ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমস্যা সমাধানে এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন।
কারখানাটির দূষণ ও ফসলহানির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।