EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ২৪ আসামি রিমান্ডে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ২৪ আসামি রিমান্ডে
অ অ

রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলায় গ্রেপ্তার ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল পরিকল্পনাকারী শনাক্ত ও গ্রেপ্তার, ষড়যন্ত্রকারী ও অর্থের জোগানদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে আরাফাত নামে এক আসামিকে শিশু দাবি করায় এ বিষয়ে কাগজপত্র দাখিল ও অধিকতর শুনানির জন্য আগামীকাল রোববার দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানাধীন এলাকায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। সরকারবিরোধী কর্মসূচি বাস্তবায়ন ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে তারা সমাবেশ করেন এবং সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

রিমান্ডে যাওয়া ২৪ আসামি হলেন—মো. রহিম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান, মো. মুন্না মিয়া, সামিন ইয়াসার (সাফায়াত), মো. রাসেল, এইচ এম জাকারিয়া রহমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহমেদ, মো. সোহরাব, মো. হযরত আলী, মো. আক্তারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, মো. হাবিব সিকদার, মো. জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, মো. ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, মো. নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।

আরও পড়ুন