ফরিদপুরে নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভার হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি এ জনকল্যাণমূলক কর্মসূচির সার্বিক পর্যবেক্ষণ করেন।
ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘তৃণমূল ও অসহায় মানুষের দোড়গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থাভাবে যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
জনকল্যাণ ও সাধারণ মানুষের সেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখা হবে বলে আশ্বাস দেন তিনি।
দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ বিশেষজ্ঞ দল বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সাত্তার, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।