মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
