EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১

ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

আধিপত্য বিস্তার নিয়ে টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১
অ অ

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নাজির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন ওই এলাকার বাসিন্দা ফজল আহমদের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর। তাঁরা সবাই নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাজানের ছেলে মো. আরিফ (৩০) এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেন।

নিহত নাজির হোসেনের ভাইয়ের ছেলে আলভি বলেন, বিজল, সালামত উল্লাহ, নেতা সলিম, আরিফ, শফিক ও রিজুয়ানের নেতৃত্বে একটি অস্ত্রধারী দল তাঁদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তাঁর চাচা নাজির হোসেন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আলভি আরও বলেন, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ বলেন, ছুরিকাঘাতে আহত নাজির হোসেনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর বুকের ডান পাশে ছুরির আঘাত ছিল। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় নাজির হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন