EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরগুনায় জোয়ারে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

ডেইলি সান রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

বরগুনায় জোয়ারে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীরে ভেসে আসা মৃত তিমি।

অ অ

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে একটি মৃত তিমি মাছ। তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা মাছটিকে উদ্ধার করে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে আসে। এরপর সেটি আন্ধারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির মৃত তিমি মাছটি দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়ার পর তিমিটি দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করে।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে বলে তিনি জানান। পরিবেশ দূষণ এড়াতে তিমিটিকে মাটিচাপা দেওয়া হবে বলেও তিনি জানান।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে তিনি জানান। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন