EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফেসবুকে প্রচার চালিয়ে মিছিল ও গোপন বৈঠক, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মামলা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

ফেসবুকে প্রচার চালিয়ে মিছিল ও গোপন বৈঠক, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মামলা
অ অ

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে ফেসবুকে প্রচারণা চালিয়ে ঝটিকা মিছিল এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগ আনা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোররাত চারটার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন বৈঠক করতে জড়ো হয়। একই দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কেও তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এর পর মঙ্গলবার রাতে থানায় মামলা দুটি করা হয়।

প্রথম মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) সোলেমান গনি। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং সহ-সভাপতি খাইরুল ইসলাম। এ মামলায় অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এটি করা হয় একই দিন রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন নিউমুন, এস এম সালমান, মাহাবুব, সি এম সাব্বির হাসান হৃদয়, আবিদ হোসেন হৃদয় গুড্ডু, বিধান রায়, মো. শাওন সাব্বির, স্বাধন, রাজু ওরফে ছোট রাজু, বড় রাজু, মো. মনোয়ার হোসেন, বাধন, প্রীতম ও অন্তর শেখ।

এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীরা উসকানিমূলক প্রচারণা চালাচ্ছিল। তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা, জনমনে ভীতি সৃষ্টি করা এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা। এই উদ্দেশ্যে তারা গভীর রাতে গোপনে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল বলে অভিযোগ করা হয়েছে।

ওসি শাহজাহান আলী বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। এজাহারনামীয় ও অজ্ঞাত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন