EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

অ অ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে আয়োজনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত রুল জারি করেছেন।

রুলে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে গত ২৬ জুলাই সভাপতি করে গঠিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ভিকারুননিসার এডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।

ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ইসমাইল জবিউল্লাহ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে পরপর একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

তার দাবি, আইন অনুযায়ী দুইবারের বেশি কোনো এডহক কমিটি করা যায় না। একই ব্যক্তি দুইবারের বেশি সভাপতি বা সদস্যও হতে পারেন না। কিন্তু ইসমাইল জবিউল্লাহ পরপর তিনবার এডহক কমিটির সভাপতি হয়েছেন।

আইনজীবী আরও বলেন, ২০২৪ সালের গভর্নিং বডি আইনে বলা হয়েছে, কোনো কমিটি নির্বাচন করতে ব্যর্থ হলে ওই কমিটির সভাপতি ও সদস্যরা পরবর্তী কমিটিতে থাকতে পারবেন না। তবে নির্বাচন না হওয়া সত্ত্বেও আগের সভাপতি ও সদস্যদের নিয়ে আবার এডহক কমিটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বর্তমান এডহক কমিটিকে চ্যালেঞ্জ করে গত ১৩ আগস্ট রিট করেন ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং ৯০ দিনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন।

আরও পড়ুন