লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: ডেইলি সান
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের আয়োজনে এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হচ্ছে সাক্ষরতা। একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে সাক্ষরতার আওতায় আনার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তিত বাস্তবতায় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে পরিবেশ এবং সমৃদ্ধির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তাই মানুষের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিতেও সাক্ষরতার ভূমিকা গুরুত্বপূর্ণ।
র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।