EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

২০২৭ সালের হজের খরচ আরও কমছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

২০২৭ সালের হজের খরচ আরও কমছে
অ অ

আগামী ২০২৭ সালের হজের বিমানভাড়াসহ সরকারি প্যাকেজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে প্যাকেজ-১-এর খরচ ৭৫ হাজার ৩৩৪ টাকা এবং প্যাকেজ-২-এর খরচ ৫৩ হাজার ২৩৩ টাকা কমানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এসব তথ্য জানান। 

এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমান হাজিদের সেবা দেওয়াই বর্তমান সরকারের একমাত্র ব্রত। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, বলিষ্ঠ দিকনির্দেশনা এবং নিবিড় মনিটরিংয়ের কারণেই ২০২৬ সালের হজ অত্যন্ত সফল, সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিটি প্যাকেজের ব্যয় কমানো সম্ভব হয়েছে। চলতি ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যবহৃত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিয়েছে সরকার। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে হাজিদের ব্যাংক হিসাবে এ অর্থ পাঠানো হয়েছে।

প্যাকেজভিত্তিক অর্থ ফেরতের বিস্তারিত চিত্র সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ-১ এর (খাবার খরচ ছাড়া মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা) পূর্ণাঙ্গ ও শর্ট প্যাকেজের হাজীদের যথাক্রমে ৩৮ হাজার ৬৯৭ টাকা এবং ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া এই প্যাকেজে সিট আপগ্রেডেশন অনুযায়ী হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে।

একইভাবে প্যাকেজ-২ এর হাজীদের জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা এবং প্যাকেজ-৩ এর পূর্ণাঙ্গ প্যাকেজের হাজীদের জনপ্রতি ৩ হাজার ৭১৮ টাকা ফেরত দেওয়া হয়েছে।

আগামী হজের খরচ কমানোর বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সফলতার ধারাবাহিকতায় ২০২৭ সালের হজের খরচ সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী করতে আমরা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ২০২৭ সালের হজের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে চাই, ২০২৩ সালে এই বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

আগামী বছর (২০২৭) দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ আগের বছরের (২০২৬) তুলনায় ৭৫ হাজার ৩৩৪ টাকা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সাশ্রয়ী হজ প্যাকেজ-২ এর খরচ ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন