লাইসেন্স ছাড়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যথাযথ লাইসেন্স না থাকা, খাদ্যের মান নিয়ন্ত্রণ না করে বাজারজাত করা এবং খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দালাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় বেকারি প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় পৃথকভাবে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো.তাইজুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অনিয়ম ও পণ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।