EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দেখলেন চাল-আটার মান

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দেখলেন চাল-আটার মান

ছবি: ডেইলি সান

অ অ

রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সেখানে গিয়ে তিনি গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

সিএসডিতে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করেন এবং দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষকদের সঙ্গে কথা বলেন। রেজিস্টার পর্যালোচনা করে চাল ও আটা কতদিন ধরে মজুদ রয়েছে, তা দেখার পাশাপাশি প্রতিদিন কী পরিমাণ খাদ্যশস্য বিতরণ করা হয় এবং মজুদ ও বিতরণসংক্রান্ত তথ্যও জানতে চান।

খাদ্যমন্ত্রী বলেন, সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মাঝেমধ্যেই এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, দেশটা সবার। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না।

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে চারটি গুদামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী সংরক্ষিত আছে। বর্তমানে চালু ৩৫টি গুদামে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।

এ সময় খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন