EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আপিল বিভাগে তর্ক-বিতর্ক, এজলাস ছাড়লেন বিচারপতিরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

আপিল বিভাগে তর্ক-বিতর্ক, এজলাস ছাড়লেন বিচারপতিরা

ছবি: সংগৃহীত

অ অ

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে। এ সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে পাল্টাপাল্টি কথা হয়। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি মামলার শুনানির সময় এক আইনজীবী তথ্য গোপন করেছেন—এমন অভিযোগের বিষয়টি আদালতে ওঠে। এ ঘটনায় ওই আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা নিয়ে শুনানির একপর্যায়ে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন।

এ সময় তিনি প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, তিনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।

তার এমন মন্তব্যের পর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী পাল্টা প্রশ্ন করেন। পরে প্রধান বিচারপতি ও বার সভাপতির মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে উচ্চবাচ্য হয় বলে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ এজলাস ত্যাগ করেন।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তিনি নোয়াখালী-১ আসনের সংসদ সদস্যও।

এ ঘটনায় আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত আপিল বিভাগে বিচারিক কার্যক্রম আর শুরু হয়নি।

আরও পড়ুন