কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন আজ
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ এএম
ছবি: সংগৃহীত
ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভোলার ইলিশার মধ্যে চালু হওয়া ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)।
বিকেল ৫টায় কাঁচপুর ফেরিঘাটে এ সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, কাঁচপুর-ইলিশা রুটে গত ২৭ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি চলাচল করছে।
প্রতিদিন দুই প্রান্ত থেকে একটি করে ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। কাঁচপুর থেকে ইলিশা কিংবা ইলিশা থেকে কাঁচপুর যেতে একটি ট্রিপে প্রায় আট ঘণ্টা সময় লাগে।
নতুন এ ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করছে সরকার। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকদের জন্য সরাসরি এ নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফেরি যোগাযোগ চালু হওয়ায় দ্বীপ ও উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে।
বর্তমানে বিআইডব্লিউটিসি সাতটি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে। এর বাইরে ২০২৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপের গুপ্তছড়া এবং ২০২৬ সালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রত্যাশা, কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি যোগাযোগ ভোলার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহন বাড়লে বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও বাড়তে পারে।

