EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে হত্যা মামলার এক আসামি মারা গেছেন। হোসেন আলী নামের ওই হাজতির মৃত্যুর বিষয়ে রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. মজিবুর রহমান মজুমদার।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোসেন আলী অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেন আলী সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার অহাদ আলীর ছেলে। তিনি রায়হান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে হোসেন আলীকে রায়হান হত্যা মামলার আসামি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী সাইফুল ইসলাম তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেন আলীর ছেলে ইয়াসিন বলেন, গত বৃহস্পতিবার তাঁর বাবা মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। সেখানে ৬ জন জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, একজন হাজতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করে ময়নাতদন্ত করা হয়। এরপর রবিবার রাতে নিয়ম অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ মে গভীর রাতে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় মাদক কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রায়হান (১৫) নামে এক ব্যক্তি নিহত হয়। রায়হান একই এলাকার মৃত ছোটন মিয়ার ছেলে। এ ঘটনায় করা হত্যা মামলায় হোসেন আলী এজাহারভুক্ত আসামি ছিলেন।

আরও পড়ুন