ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে।
তিনি বলেন, একটি উপজেলায় যত ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলায় যত ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এক উপজেলায় কয়েক ধাপে নির্বাচন হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে এবং কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি কমিশন নির্ধারণ করবে। এটি আমি জানি না।
স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, পোস্টার থাকবে না, যতটুকু জানি। এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দেখে বলতে হবে।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।