আগামী তিন দিন ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
আগামী তিন দিন চট্টগ্রামসহ দেশের চার বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় এ শঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
একই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ প্রধান কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে। তবে এ সময় নদীগুলোর পানি বিপদসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বেড়েছে। পদ্মা নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিন এসব নদ-নদীর পানি বাড়তে পারে। তবে এ সময়ও নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে।
পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে, গোমতী নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি কমতে পারে।