রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধার লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার ১
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে ফসলি জমিতে অবৈধ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নবীরন নেছা (৫৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তাঁর লাশ গুমের অভিযোগে রফিকুল ইসলাম মৃধাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর শহরের কোতোয়ালি থানার বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালন্দঘাট থানার আইনুদ্দিন প্রামাণিক পাড়ার মৃত জলিল মৃধার ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে র্যাবের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১০ জানায়, নিহত বৃদ্ধা নবীরন নেছা নিজের বর্গা জমিতে কাজ করতেন। গত ২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি জমিতে কাজ করতে যান। সন্ধ্যার পরও তিনি ঘরে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৯টার দিকে পাশের একটি আখক্ষেতের পানিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
বৃদ্ধাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ধারণা করলেও পরবর্তীতে তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

আসামি রফিকুল বৃদ্ধার আখক্ষেতের চারপাশে অবৈধভাবে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। কাজ করার সময় ওই তারের স্পর্শে বৃদ্ধা নবীরন নেছার মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে এবং লাশ গুম করার উদ্দেশ্যে রফিকুল মরদেহটি ধানক্ষেত থেকে সরিয়ে আখক্ষেতে নিয়ে যান। সেখানে লাশ গুমের উদ্দেশ্যে একটি গর্তও খুঁড়েছিলেন।
এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িতদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০-এর কাছে একটি অনুরোধপত্র পাঠান। তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির সহায়তায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল অনুরোধপত্র পাওয়ার পর অভিযান চালিয়ে প্রধান আসামি রফিকুলকে গ্রেপ্তার করে।