হিলি বন্দর দিয়ে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে টানা ৫ দিন বন্ধের পর শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পুনরায় পণ্য কার্যক্রম শুরু হয়।
আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতা থাকায় গত ৩১ আগস্ট থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন ভারতের রপ্তানিকারকরা। সমস্যার সমাধান হওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে ৫ দিন পর শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বাণিজ্য চালুর খবরে স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিকদের মধ্যে। আর পণ্য কিনতে বন্দরে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।
এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল জানান, বুধবার (২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বালুরঘাট সফরে এসেছিলেন। সেখানে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে হিলি স্থলবন্দরকে আধুনিকায়ন করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহজীকরণ এবং প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়।
বক্তব্যে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত সমাধানের কথা বলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক হয়। শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়।