ময়মনসিংহ রেড ক্রিসেন্টের নতুন কমিটি, কার্যালয়-হাসপাতাল প্রতিষ্ঠার দাবি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
ময়মনসিংহে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভায় ময়মনসিংহে সংগঠনটির নিজস্ব স্থায়ী কার্যালয়, হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ইউনিটের আজীবন ও বাৎসরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে চেয়ারম্যান হয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স (পদাধিকার বলে)। ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল। সদস্য হয়েছেন ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, অধ্যাপক ডা. সাইদুর রহমান, অধ্যাপক শেখ আমজাদ আলী ও কাজী রানা।
সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট ময়মনসিংহ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সঞ্চালনা করেন ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মোফাখ্খারুল ইসলাম রানা। এছাড়া বক্তব্য দেন ইউনিটের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, ফরিদা ইয়াসমিন পারভীন, ডা. মোহাম্মদ আলী ও কৃষিবিদ সাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোফাখ্খারুল ইসলাম রানা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সংগঠন নয়, মানবতার সেবায় নিবেদিত আস্থার নাম। দুর্যোগ, বন্যা, অগ্নিকাণ্ড বা ঘূর্ণিঝড়ের সময় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল আদর্শ।
সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল দর্শন। বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জীবন ও জীবিকা রক্ষায় কাজ করাই এই সংগঠনের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, ময়মনসিংহ একটি বিস্তৃত জেলা। শহরের পাশাপাশি প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের কাছেও রেড ক্রিসেন্টের সেবা পৌঁছাতে হবে। এজন্য শক্তিশালী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টকে শুধু দুর্যোগের সময় নয়, সব সময় মানুষের পাশে থাকতে হবে। স্বাস্থ্যসেবা, রক্তদান, দুর্যোগ প্রস্তুতি, উদ্ধার ও পুনর্বাসনসহ মানবিক কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, আগামী তিন বছরে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
