EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিচারকদের আবাসন সংকট কাটাতে সরকারের মাস্টারপ্ল্যান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

বিচারকদের আবাসন সংকট কাটাতে সরকারের মাস্টারপ্ল্যান
অ অ

বিচারকদের আবাসন সংকট নিরসনে দেশের ৬৪ জেলা ও ৮ মহানগরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আধুনিক আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এ উদ্যোগে আবাসনের পাশাপাশি বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

প্রকল্পের স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু করতে সম্প্রতি দেশের সব জেলা ও দায়রা জজ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা ইউনিট।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রতিটি জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনালে প্রায় ৩০ থেকে ৫০ জন বিচারক কর্মরত রয়েছেন। কয়েকটি জেলা ছাড়া অধিকাংশ জায়গায় বিচারকদের জন্য পর্যাপ্ত বা সমন্বিত সরকারি আবাসন নেই। ফলে অনেক বিচারককে ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, অনেক জেলা জজশিপের আওতায় আবাসিক ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জেলা ও মহানগরভেদে ১০ থেকে ১৫ তলা আধুনিক আবাসিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এতে বর্তমান আবাসন সংকট কমানোর পাশাপাশি ভবিষ্যতের চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

প্রস্তাবিত আবাসিক ভবনে সিসিটিভি, নির্দিষ্ট প্রবেশপথ এবং সার্বক্ষণিক সশস্ত্র পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা সহজ হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের আওতায় জেলা ও দায়রা জজদের নিজ নিজ আদালত প্রাঙ্গণ, পুরোনো কোর্ট বা মুন্সেফ কোর্ট প্রাঙ্গণে আবাসিক ভবন নির্মাণের জন্য থাকা জায়গার বিবরণ ও নকশা পাঠাতে বলা হয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকলে জেলা জজ আদালত ভবনের এক কিলোমিটারের মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের সম্ভাব্য স্থান চিহ্নিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. শাহজাহান সাজু। তিনি বলেন, বিচারকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। ভাড়া বাসায় থাকলে নিরাপত্তাঝুঁকি, তদবিরের সুযোগ, শত্রুতা এবং চুরি-ডাকাতির আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, সরকারি কোয়ার্টারে বিচারকরা একসঙ্গে থাকলে পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং যাতায়াতের সমস্যাও কমবে। আদালতের কাছাকাছি আবাসন হলে বিচারকদের কাজের পরিবেশ আরও সহজ হবে।

সূত্র: বাংলানিউজ২৪.কম

আরও পড়ুন