বৃদ্ধাকে বাঁচাতে যেয়ে দুর্ঘটনার কবলে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ রয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধাও আহত হয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট যাচ্ছিলেন। এ সময় কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এ সময় ওই বৃদ্ধা আহত হন। প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি জয়পুরহাটে নিজ বাসভবনে গেছেন বলে নিশ্চিত করেছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রেস সচিব অধ্যক্ষ আতিকুর রহমান।
