EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জিরো পয়েন্ট-সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

জিরো পয়েন্ট-সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

অ অ

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসার সুযোগ দেওয়া হবে না। সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তবে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানান আবদুস সালাম। তিনি বলেন, বিকেল ৪টার পর থেকে সেখানে হকাররা বসতে পারবেন।

তিনি বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকার বসতে দেওয়া সম্ভব নয়। নির্ধারিত স্থানে নিয়ম মেনে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসা করতে হবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক। পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

আরও পড়ুন