দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
ভূমিকম্পের ঝুঁকি, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় দেশে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার। ভূমিকম্পের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘ভূমিকম্প বলে-কয়ে আসে না। আচমকা মাটি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদ ধ্বংস করে দিতে পারে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।’
তিনি বলেন, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্প আঘাত হানার আগেই প্রস্তুতি নিতে হবে, যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা যায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগে মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ, সক্ষম ও পরিণত করে তোলে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পেলেই আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।