শাপলা হত্যাকাণ্ড
হাসিনা-বেনজীরসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাদের আত্মসমর্পণের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিন সকালে মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবির। তবে অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।
এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, আসামিদের যোগসাজশে ওই রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হেফাজতে ইসলামকে দমন করতে অভিযান চালানো হয়।
শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ আরও কয়েকজন।