স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সড়কে রতনের মৃত্যু, অসহায় দুই সন্তান
ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: প্রতীকী
স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রতন পোদ্দারের (৫৫)। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মাত্র এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর দুই সন্তান।
নিহত রতন পোদ্দার শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে একটি চলন্ত গাড়ি থামানোর চেষ্টা করছিলেন রতন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগে রতন পোদ্দারের স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় রতনের আকস্মিক মৃত্যুতে দুই সন্তান এখন অভিভাবকহীন হয়ে পড়েছে।
স্বল্প সময়ের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে দুই সন্তানের অসহায়ত্বে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।