EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সম্পর্ক

পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাবে: স্পিকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাবে: স্পিকার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে সামনে এগিয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সম্পর্কের ধরনও বদলেছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক আস্থা।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে গণতন্ত্রের নতুন পথ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আগের সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেকটা সরকারকেন্দ্রিক ছিল। এখন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দিতে হবে।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে জনগণকেন্দ্রিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার যে কাজ করছে, ভারত তা গুরুত্বের সঙ্গে দেখছে।

সাক্ষাৎকালে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর ও পারস্পরিক যোগাযোগ বাড়ানো, রোহিঙ্গা সংকট এবং তাদের প্রত্যাবাসন ও পুনর্বাসন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় ভারতের হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন